আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য : সাব্বির রহমান
সফরে আসার পর থেকেই বাংলাদেশের কন্ডিশন নিয়ে কথা বলে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। কন্ডিশনকে এক প্রকার বাঁধাই মনে করছেন সফরকারিরা। বাংলাদেশের গরম আবহাওয়ায় মানিয়ে নিতে রীতিমতো লড়াই করতে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের। আর এটাকেই অস্ত্র বানাতে চান প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া বাংলাদেশ ব্যাটসম্যান সাব্বির রহমান।
সাদা পোশাকে ইংল্যান্ডের সাথে নিজেদের পার্থক্যটা ভালো করেই জানে বাংলাদেশ। ওয়ানডেতে পারলেও টেস্টে ইংল্যান্ডের সাথে লড়াই করাটাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাই সাদা পোশাকে ভালো করতে ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগানোর কথা বলছেন সাব্বির রহমান।
সোমবার অনুশীলনে যাওয়ার আগে টিম হোটেলে সাব্বির বললেন, ‘অবশ্যই ওরা অনেক ভালো দল। ওরা টেস্ট ন্যাশন দল। আমরা টেস্ট কম খেলি। ওরা সব সময়ই আমাদের থেকে বেশি টেস্ট ম্যাচ খেলে। তারপরও আমাদের কন্ডিশন অনুযায়ী ওদের কন্ডিশন অনেক আলাদা। আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশন কাজে লাগানোর জন্য।’
প্রথম টেস্টের দলটাও লড়াকু হয়েছে বলে বিশ্বাস ডানহাতি এই মিডল অর্ডারের। সাব্বিরের মতে সেরা দলই বাছাই করা হয়েছে, ‘নির্বাচক, কোচ, অধিনায়ক মিলে ভালো দল করেছে অবশ্যই। সেরা দলই গড়েছেন তারা। যারা চারদিনের ম্যাচ খেলে এসেছে সবাই ফর্মে আছে। ভালো স্কোর করেছে। তো সবকিছু ভালো আছে ইনশাল্লাহ।’
তবে কয়েকদিন আগে ঘাটতির কথা জানিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। লঙ্কান কোচ জানিয়েছেন ২০ উইকেট নেয়ার মতো বোলিং বিভাগ তার দলের নেই। তবে কি পিছিয়ে থেকেই ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ? সাব্বির অবশ্য এভাবে দেখছেন না, ‘আমার মনেহয় না নেতিবাচক বা ইতিবাচক কিছু এটা। ২০ উইকেট নেয়ার চেয়ে ভালো ক্রিকেট খেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
Post a Comment