মুস্তাফিজুরের ভাণ্ডারেও একটা বিরল ডেলিভারি আছে- রবি শাস্ত্রী

বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানের প্রতি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
দৈনিক আনন্দবাজারে এক লেখায় তিনি বলেন, মনে হচ্ছে মুস্তাফিজুরের আরও যত্ন নেওয়া জরুরি। এ রকম খাঁটি প্রতিভাকে লালন করার আরও লোক চাই। ছেলেটা কিন্তু এখনও শরীর আর মনের দিক থেকে কিশোরই, পুরুষ হয়ে ওঠা বাকি। শরীরটাও তাই পুরোপুরি শক্তপোক্ত হয়ে ওঠেনি। ওর মতো প্রতিভাকে কিন্তু খুব সাবধানে, বুঝেসুঝে ব্যবহার করতে হবে।
মুস্তাফিজের শারিরিক গঠনের বর্ননা দিয়ে শাস্ত্রী বলেন, খুব বড়সড় চেহারার মালিক ও নয়, প্রচণ্ড গতি আছে বোলিংয়ে এমনও না। ওই এক মাত্র বোলার নয় যে ক্রিকেট বলকে সুইং করাতে পেরেছে। এখন তো সবাই কাটার করতে পারে। তার উপর মাঝে মাঝেই ছেলেটা হাসে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে যেটা সচরাচর দেখা যায় না। তা হলে কেন বিশেষজ্ঞরা মুস্তাফিজুরকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখন বিশ্বের সেরা তরুণ ফাস্ট বোলার হিসেবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে?
পরিসংখ্যান কিন্তু বলছে এ ছেলে বিস্ময়প্রতিভা। ভাবুন ভারতের বিরুদ্ধে একটা ওয়ান ডে সিরিজে দুটো পাঁচ উইকেট নেওয়া পারফরম্যান্স দিয়ে শুরু। বা আমলা, দুমিনি আর ডি’কককে আউট করে টেস্ট অভিষেক। বা চলতি আইপিএলে ওকে দেখেই ব্যাটসম্যানরা যে রকম গলে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই মুস্তাফিজুর এমন একটা সমীহ আদায় করে নিয়েছে যেটা অনেক পেশাদার বোলারের তৈরি করতে সারাজীবন লেগে যায়। মনে হচ্ছে যেন গত কালই ছেলেটা বাংলাদেশে ওর গ্রামের পুকুরের পাশে বসে ছিল।
মুস্তাফিজে বিশেষ একটি বল ডেলিভারির কথা উল্লেখ করে সাবেক ভারতীয় এই কোচ বলেন, মুস্তাফিজুরের ভাণ্ডারেও একটা বিরল ডেলিভারি আছে। এমনিতে ওর অস্ত্র দুরন্ত সুইং, ধারালো কাটার আর এমন একটা ইয়র্কার যেটা ব্যাট থামাবে সাধ্য কী! তবে মুস্তাফিজুরের শোকেসের ব্রহ্মাস্ত্র হল সেই ডেলিভারিটা যেটা পিচে পড়ে থমকে গিয়ে ব্যাটসম্যানের সামনে লাফিয়ে ওঠে। আর বেশির ভাগ সময়ই ব্যাটসম্যান সেটা কভারের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেরে।
এই বলটা করার সময় ওর বোলিং অ্যাকশনে কিন্তু কোনও পরিবর্তন হয় না। আসল খেলাটা থাকে ওর কব্জিতে। সবটাই বলটা ছাড়ার কায়দা।
Post a Comment