‘জিকা ভাইরাস’ নিয়ে আতঙ্কিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল
দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে পড়া রোগ ‘জিকা ভাইরাস’ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। আতঙ্কিত অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গায়ানাতে দুটো ম্যাচ খেলতে হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর গায়ানা যে কোনো দ্বীপ নয়, লাতিন আমেরিকার উত্তরে অবস্থিত একটি দেশ, তা তো সবারই জানা। তাই জিকা ভাইরাসের ঝুঁকি থেকে সতর্ক থাকার উপদেশ দেওয়া হয়েছে স্টিভেন স্মিথের দলকে।
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু এখন থেকেই খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএর প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অরচার্ড জানিয়েছেন, ‘খেলোয়াড়দের মশার কামড় এড়ানোর উপায় সম্পর্কে অবগত করা হয়েছে। সেই সঙ্গে নিরাপদ যৌন সংসর্গের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’
অবশ্য শুধু লাতিন আমেরিকায় নয়, ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলোতেও ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর রোগ। জিকা ভাইরাসের কারণে গত মাসে পুয়ের্তোরিকো থেকে মেজর লিগ বেসবলের দুটো ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্রাজিলে এই রোগের প্রাদুর্ভাবের কারণে রিও অলিম্পিক থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন অ্যাথলেট।
সাধারণত এডিস মশার কামড়ে ছড়িয়ে থাকে জিকা ভাইরাস। যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে এই রোগ। এর লক্ষণগুলো হলো মাথাব্যথা, জ্বর, গাঁটে ব্যথা, র্যাশ, পেশিতে ব্যথা, চোখ লাল হওয়া ইত্যাদি। জিকা ভাইরাস প্রতিরোধের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। তবে গবেষকরা ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন। এ ছাড়া যে দেশে জিকা ভাইরাস রয়েছে সে দেশে ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Post a Comment