Header Ads

আইপিএলকে ‘ইনজুরি প্রিমিয়ার লিগ’ বলে ডাকা হয়


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ নামেই পরিচিত ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। কিন্তু আইপিএলের নবম আসরে যেভাবে একের পর এক খেলোয়াড়রা ইনজুরির কবলে পড়ছেন, তাতে অনেকেই আইপিএলকে ডাকছেন ‘ইনজুরি প্রিমিয়ার লিগ’ বলে। স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ, জন হেস্টিংসের পর অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও ইনজুরির কবলে পড়ে দেশে ফিরতে হয়েছে।

ইনজুরির কারণে এবারের আইপিএলে অংশই নিতে পারেননি অস্ট্রেলিয়ার দুই পেসার জোয়েল প্যারিস, মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার স্যামুয়েল বদ্রি ও শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বেশ কয়েক ম্যাচ পর মাঠে নামতে পেরেছেন যুবরাজ সিং ও কেইন উইলিয়ামসন। ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনিকেও।

আর ইনজুরির কারণে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, শন মার্শ, জন হেস্টিংস, কেভিন পিটারসেন, ফাফ দু প্লেসি, অ্যাডাম মিল্ন, লেন্ডল সিমন্সকে। সম্প্রতি এ তালিকা আরো দীর্ঘ করেছেন ম্যাক্সওয়েল। ইনজুরির কারণে এরই মধ্যে দেশে ফিরে গেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

ইনজুরির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তাদের হারাতে হয়েছে তিন তারকা ব্যাটসম্যান স্মিথ, পিটারসেন ও দু প্লেসিকে। মাত্র তিনটি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে পেসার মিচেল মার্শকেও। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কাজে লাগাতে পারেনি তাদের তিন বোলার মিচেল স্টার্ক, অ্যাডাম মিল্ন ও স্যামুয়েল বদ্রিকে।


দুই দফায় ইনজুরির কবলে পড়তে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অভিজ্ঞ পেসার আশিস নেহরাকে। সোমবার ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে ইনজুরি আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়েও। এত এত ইনজুরির পর সত্যিই যদি আইপিএলকে ‘ইনজুরি প্রিমিয়ার লিগ’ বলে ডাকা হয়, তাহলে অবাক হওয়ার কিছু আছে কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.