এবারের আইপিএলে যে বোলার আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে সে হল মুস্তাফিজুর - গাভাস্কার
মুস্তাফিজের প্রশংসা করে গাভাস্কার বলেছেন, ‘এবারের আইপিএলে যে বোলার আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে সে হল মুস্তাফিজুররহমান। তার বোলিংয়ের বৈশিষ্ট্য হল সে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। আর ওর বিশেষত্ব হলো স্লোয়ার ডেলিভারি। একই অ্যাকশনে, মানে রানআপে কোনো পরিবর্তন না এনে সে স্লোয়ার করতে পারে। একদম শেষ পর্যন্ত ব্যাটসম্যান বুঝতে পারে না সে কি বল করবে। ফাস্ট বল করবে, নাকি স্লোয়ার বা লেগকাটার করবে।’
গাভাস্কারের সেরা তিন বোলারের তালিকায় অন্য দুজন হলেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ও মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকক্লেনাগান। তবে তিনজনের মধ্যে মুস্তাফিজকে নিয়েই বেশি উচ্ছ্বসিত ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার।
টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা গাভাস্কারের মুগ্ধ হওয়াই স্বাভাবিক। আইপিএলে সত্যিই মুস্তাফিজের চোখধাঁধানো পারফরম্যান্স। রোববার তিন উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের সহজ জয়ে বড় অবদান ‘ফিজ’-এর। ১৩ উইকেট নিয়ে এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ১৪টি করে উইকেট নিয়েছেন রাসেল ও ম্যাকক্লেনাগান। তবে ইকোনমি রেটে মুস্তাফিজ সবার ধরাছোঁয়ার বাইরে। রাসেল (৭.৭৫) ও ম্যাকক্লেনাগানের (৮.১২) চেয়ে মুস্তাফিজের (৬.১৫) ইকোনমি রেট অনেক ভালো।
মুস্তাফিজের সৌজন্যে সানরাইজার্সের সাফল্যের পালেও বাতাস লেগেছে দারুণভাবে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে তারা।
Post a Comment