মুস্তাফিজের কাছে শেখার পরামর্শ শাস্ত্রীর
সানরাইজার্স হায়দরাবাদের দুই বাঁহাতি পেসার আশিস নেহরা ও মুস্তাফিজুর রহমানের বয়স ও অভিজ্ঞতার ব্যবধান অনেক। ৩৭ বছর বয়সী নেহরা চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। আর সম্ভাবনাময় এক ক্রিকেট ক্যারিয়ার কেবলই শুরু করেছেন ২০ বছর বয়সী মুস্তাফিজ। শুরুর এক বছর যেতে না-যেতেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার এমন সব কীর্তি করছেন, যা দেখে প্রতিনিয়ত বিস্মিত হয়ে যেতে হচ্ছে ক্রিকেটবিশ্বকে। মুস্তাফিজের জাদুকরি সব ডেলিভারি নেহরাকেও শিখে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।
হায়দরাবাদের বোলারদের মধ্যে চলছে মধুর এক ‘প্রতিযোগিতা’। প্রতি ম্যাচেই যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই চালাচ্ছেন মুস্তাফিজ, ভুবনেশ্বর কুমার ও নেহরা। দলের জয়ে দারুণ অবদান রাখছেন এই তিন পেসার। মুস্তাফিজ ও ভুবনেশ্বর এর আগের দুটি ম্যাচে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয়ের পর নেহরাও পেয়ে গেলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। সেই পুরস্কার নিতে গিয়ে নেহরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুস্তাফিজের। বলেছেন, “‘ফিজ’ কী করতে পারে, সেটা সবাই জানে। তাঁর স্লোয়ার বলগুলো কেউই পড়তে পারে না। আশা করছি, আগামী কয়েক সপ্তাহেও কেউ সেটা বুঝতে পারবে না।” এরপরই মুস্তাফিজের কাছ থেকে শেখার পরামর্শ দিয়ে নেহরাকে রবি শাস্ত্রী বলেছেন, ‘বল কীভাবে গ্রিপ করতে হবে, সেটা মুস্তাফিজের কাছ থেকে শিখে নিতে ভুলো না।’ নেহরাও এ সময় একগাল হাসি দিয়ে বলেছেন, ‘চেষ্টা করছি, চেষ্টা করছি। আশা করছি, সেটা করতে পারব।’
প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে তিনি করেছেন আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং। ৩ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। নেহরাও তিনটি উইকেট পেয়েছেন ১৫ রান খরচে।
আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গেও পাল্লা দিয়ে লড়ছেন মুস্তাফিজ। নয় ম্যাচ শেষে দুজনেরই সংগ্রহ ১৩ উইকেট। এক ম্যাচ বেশি খেলে ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন আন্দ্রে রাসেল ও মিচেল ম্যাকক্লেগান।
Post a Comment