Header Ads

সাসেক্সকে দারুন সুখবর দিলো বিসিবি

সাসেক্সের হয়ে দুইটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তারপরই ইনজুরি। এ নিয়ে হতাশা রয়েছে কাউন্টি ক্রিকেটের এই ক্লাবটির। প্রধান নির্বাহী জ্যাক টোমাজি পরের মৌসুমের জন্যও কাটার মাস্টারকে পেতে আগ্রহের কথা জানিয়েছিলেন। সুখবর হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরের বছরের জন্যও মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে।
মোস্তাফিজকে নিয়ে সাসেক্সকে দারুন সুখবর দিলো বিসিবি
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।
সাসেক্সের জন্য ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,  ‘সাসেক্স আমাদের কাছে জানতে চেয়েছে, আগামী বছর আমরা মুস্তাফিজকে তাদের ক্লাবে খেলানোর ছাড়পত্র দিব কিনা। আমরা তাদের বলে দিয়েছি অবশ্যই দিব।’
চলতি মৌসুমের শুরু থেকেই মুস্তাফিজকে পাওয়ার জন্য অপেক্ষা করছিলো সাসেক্স। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার পর শারীরিক ক্লান্তি  আর পুরনো ইনজুরির কারণে অপেক্ষে বাড়তে থাকে ইংলিশ ক্লাবটির। পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে শতভাগ ফিট হয়েই ইংল্যান্ডে যান মুস্তাফিজ। সেখানে গিয়েই চমক দেখান বল হাতে।
নিজের প্রথম ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। কিন্তু দূর্ভাগ্য, পরের ম্যাচেই বাম কাঁধের পুরনো ব্যথাটা ফিরে আসে। ওই ম্যাচের পর অনুশীলনে কাঁধের ব্যথা আরো বেড়ে যায়। ফলাফল, কাউন্টির চলতি মৌসুম থেকে সরে আসতে হয় ‘দ্য ফিজ’কে। দুইদফা এমআরআই করার পর জানা যায়, বাংলাদেশের বাঁ- হাতি পেসারের কাঁধে টাইপ টু টিয়ার ধরা পড়েছে। স্থায়ী সমাধান, অস্ত্রোপচার।
এদিকে, মুস্তাফিজের ইনজুরির চিকিৎসার ভারও বহন করতে চেয়েছে সাসেক্স। শুরু থেকেই মুস্তাফিজের প্রতি তাদের আগ্রহ এখন পর্যন্ত অপরিবর্তিত। পরবর্তী মৌসুমের জন্যও মুস্তাফিজকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে তারা। বিসিবির কাছেও আবেদন জানায়। সেই আবেদনের জবাবই দিলো বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।
অর্থাৎ, পরের বছরেও সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.