Header Ads

সাকিব-জাদুতে ফাইনালে জ্যামাইকা

আগের তিন ম্যাচে সাকিব আল হাসান বল হাতে জাদু দেখাতে পারেননি। ব্যাট হাতেও ভালো করতে পারেননি। তার দল জ্যামাইকা তালাওয়াসও হেরে যায় তিন ম্যাচেই। শনিবার বাঁচা-মরার ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠলেন সাকিব। আন্দ্রে রাসেল ব্যাট হাতে ত্রিনবাগোর বোলারদের ওপর চালালেন তাণ্ডব। তৃতীয় প্লে-অফে ত্রিনবাগোকে ডিএল পদ্ধতিতে ১৯ রানে হারিয়ে জ্যামাইকা উঠে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে। যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় শনিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে রাসেলের ৪২ বলের ঝোড়ো সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯৫ রান করে জ্যামাইকা। জবাবে ত্রিনবাগো ৩ ওভারে ১ উইকেটে ১৮ রান তোলার পর বৃষ্টি নামলে অনেকটা সময় খেলা বন্ধ থাকে। পরে ত্রিনবাগোর নতুন লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ১৩০ রান। তবে ১১০ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। ২ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব। তার আগে ব্যাটিংয়ে রাসেলের সঙ্গে ১০১ রানের বড় জুটি গড়ার পথে ১৯ রানও করেন তিনি।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমেছিল তালাওয়াস। শুরুটা ভালোই করেন দুই ওপেনার ক্রিস গেইল ও চাঁদউইক ওয়ালটন। তবে দুজন বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান ওয়ালটন (১১ বলে ১৫)। এরপর দ্রুতই কুমার সাঙ্গাকারা (২), গেইল (২৬ বলে ৩৫) ও রোভম্যান পাওয়েলও (২) বিদায় নেন। তখন ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে অনেকটাই এলোমেলো তালাওয়াস। এর পরই পঞ্চম উইকেটে সাকিব-রাসেলের ১০১ রানের সেই জুটি। তাতেই শেষ পর্যন্ত তালাওয়াসের সংগ্রহ ১৯৫। সেটা অবশ্য প্রায় রাসেলেরই একার কৃতিত্ব। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব। রাসেল ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে ঠিক ১০০ রানেই আউট হয়েছেন। এর মধ্যে চার মেরেছেন মাত্র ৩টি, আর ছক্কা? ১১টি! তার ৪২ বলের সেঞ্চুরি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে নবম দ্রুততম। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে দ্রুততম। আকিব ২৩ বলে একটি চারের সাহায্যে করেন ১৯ রান।

ব্যাটিংয়ের আক্ষেপটা পরে বলে হাতে ঠিকই পুষিয়ে দিয়েছেন সাকিব। ত্রিনবাগোর ইনিংসের নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে অবশ্য ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে পরের ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট! ওই ওভারের প্রথম বলে হাশিম আমলা ছয় মারলেন। পরের বলেও উঠে আসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন আমলা, তবে বল মিস করেন। তাকে স্টাম্পড করতে কোনো ভুল করেননি সাঙ্গাকারা। তৃতীয় বলে সুনীল নারাইন ছক্কা মেরেছিলেন। পরের বলেই আবার উড়িয়ে মারতে গিয়েই দিলেন ক্যাচ। পঞ্চম বলে ব্রেন্ডন ম্যাককালাম নিলেন এক রান। শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন ডোয়াইন ব্রাভো।

একই মাঠে বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সাকিবের জ্যামাইকা তালাওয়াস।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.