রবিবার আশরাফুলের ভাগ্য নির্ধারণ করবে আইসিসি
আর মাত্র দুইদিন। তারপরই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তা শুধুই ঘরোয়া ক্রিকেটে। আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল বা অন্য কোন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পারবেন না আশরাফুল।
আশা করা হচ্ছিল আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন আশরাফুল। কিন্তু এখন তা নিয়েও শুরু হয়েছে নতুন জটিলতা। আর তার কারণ বিসিএলের ফরম্যাট।
ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট হলেও এই টুর্নামেন্টে অংশগুলোর মালিকানা ও নিয়ন্ত্রন থাকে বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজের হাতে। তাই বিসিএলও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই বিবেচিত হয়। আর
আশরাফুলের যেহেতু ফ্র্যাঞ্চাইজিত্তিক টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা এখনো বিদ্যমান, তাই তিনি বিসিএলে খেলতে পারবেন কি পারবেন না তা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।
এবং সবচেয়ে আশ্চর্যের কথা, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হওয়ার পরেও এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই নিরুপায় হয়ে তারা দ্বারস্থ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র।
“আমরা আশরাফুল- ইস্যুতে আইসিসির কাছে একটা ইমেইল পাঠিয়েছি। রবিবার নাগাদ তার উত্তর পাওয়া যাবে। আমাদের এখনো বেশ কিছু ব্যাপারে পরিষ্কার হওয়ার আছে। এবার সেগুলোরও সমাধান পাওয়া যাবে,” বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
আশরাফুল এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন, খেলছেন কেন্টের আন-অফিসিয়াল সানডে ক্রিকেট লিগে। তবে শনিবারই দেশে ফেরার কথা রয়েছে তার। এখনো তিনি আশাবাদী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিসিএলে খেলার ব্যাপারে। তবে ব্যাপারটা যেহেতু এখন আর বিসিবিরও হাতে নেই, পৌঁছে গেছে স্বয়ং আইসিসির দরবারে, তাই আশরাফুলের দেশে ফেরা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়।
এদিকে জানা গেছে, ক্রিকেটে ফেরার আগে আশরাফুলকে তার ওপর ধার্যকৃত ১০ লক্ষ টাকার যে জরিমানা বকেয়া রয়েছে, তা পরিশোধ করতে হবে।
Post a Comment