টাইগারদের ‘লাখ টাকার অফার দিলো পাকিস্থান ক্রিকেট বোর্ড
২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য পাকিস্তান। গত সাত বছরে জিম্বাবুয়ে বাদে আর কোন টেস্ট খেলুড়ে দলের পা পড়েনি সে দেশে। কিন্তু দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তার শুরুটা তারা করতে চায় সামনের বছর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল লাহোরে আয়োজন করে।
কিন্তু বিদেশী খেলোয়াড়রা কেন প্রাণের ঝুঁকি নিয়ে খেলতে যাবে সে দেশে? এ কথা মাথায় রেখেই বিদেশী ক্রিকেটারদের জন্য নতুন এক টোপ দিল পিসিবি। যে দল দুইটি পিএসএল দ্বিতীয় মৌসুমের ফাইনালে উঠবে, তাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে ম্যাচটি খেলতে আসে সেক্ষেত্রে ম্যাচ ফি ও অন্যান্য আয়ের পাশাপাশি অতিরিক্ত ২০ হাজার ডলার করে অর্থ পুরস্কার পাবে পিসিবির পক্ষ থেকে। পাশাপাশি ওই ক্রিকেটারদের জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও।
পিএসএল চেয়ারম্যান এবং পিসিবি এক্সিকিউটিভ কমিটির প্রধান নাজাম শেঠি বৃহস্পতিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। “আমরা বিদেশী ক্রিকেটারদের প্রত্যেকের জন্য অন্তত ২০ হাজার ডলার অর্থ পুরস্কারের ব্যবস্থা করছি। একটা কথা বলতে পারি, সামনের পিএসএল ফাইনাল এ বছরের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও জমজমাট হতে চলেছে।”
জানিয়ে রাখা ভাল, পিএসএলের প্রথম মৌসুমে তিন বাংলাদেশী সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল অংশ নিয়েছিলেন। সামনের মৌসুমেও তাদের খেলার কথা রয়েছে। এখন দেখা যাক জানের মায়া ছেড়ে ২০ হাজার ডলার তথা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার লোভে তারা পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হন কিনা।
Post a Comment