এটা ওয়েলসের জন্য ‘ঐতিহাসিক জয়’- বেল
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোতে এবারই প্রথম অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ওয়েলস। আর প্রথম ম্যাচেই বাজিমাত। স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করে উৎফুল্ল গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ তারকার মতে, এটা ওয়েলসের জন্য ‘ঐতিহাসিক জয়’।
শনিবার ফ্রান্সের বর্দোতে ওয়েলসের জয়ে বেলের অবদানও কম নয়। দশম মিনিটে দলের সবচেয়ে বড় তারকার দুর্দান্ত ফ্রিকিক এগিয়ে দিয়েছিল ইউরোপের ছোট্ট দেশটিকে। ৬১ মিনিটে ওন্দ্রেই দুদা সমতা নিয়ে এলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্লোভাকিয়া। বদলি হিসেবে নামা হ্যাল রবসন-কানুর ৮১ মিনিটের লক্ষ্যভেদ মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছে ওয়েলসকে।
এমন চমৎকার সূচনায় বেল আপ্লুত। খেলাশেষে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বলেছেন, ‘আমাদের দেশের জন্য এটা স্মরণীয়, ঐতিহাসিক মুহূর্ত।’ নিজের দর্শনীয় গোল নিয়ে অবশ্য তিনি বেশ নির্লিপ্ত। তাঁর কাছে জয়টাই সবচেয়ে বড় কথা, ‘গোলটা কোনো ব্যাপার নয়। আমরা তিন পয়েন্ট পেয়েছি আর সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছি।’
তবে বেল নিজে বিনয় করলে কি হবে, সতীর্থরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত মিডফিল্ডার জো অ্যালেন বিখ্যাত সতীর্থর প্রশংসায় মেতে উঠেছেন খেলাশেষে, ‘গ্যারেথ বেল বিশ্বমানের খেলোয়াড়। আমি সবসময় তাকে নিয়ে কথা বলতে ভালোবাসি। কারণ যখনই সে ওয়েলসের জার্সিতে মাঠে নামে, তখনই নিজেকে উজাড় করে দেয়।’
প্রথম ম্যাচেই জয় পাওয়ায় ‘বি’ গ্রুপ থেকে ওয়েলসের শেষ ষোলতে যাওয়ার জোরালো সম্ভাবনা। ১৬ জুন পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যুক্তরাজ্যের দুই প্রতিবেশীর লড়াই নিয়ে চাপা উত্তেজনা থাকলেও বেল এ ব্যাপারে নিরুত্তাপ, ‘আমরা এই ম্যাচ নিয়ে একদমই ভাবছি না। যা ভাবার ইংল্যান্ড ভাবুক। আমরা প্রথম পর্ব শেষ করেছি। আরো দুই পর্ব বাকি আছে।’
Post a Comment