একটা সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে বার্সেলোনা।

বলতে গেলে খুব সহজ একটা সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে বার্সেলোনা। গ্রানাডার মাঠে জিতলেই স্প্যানিশ লা লিগা শিরোপা ধরে রাখার উৎসবে মাতবে মেসি-নেইমাররা। সে লক্ষ্যে আজ রাতে লিগের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে লুই এনরিকের দল।
তবে বিপত্তি কিন্তু অন্য জায়গায়, বার্সা হারলে কিংবা ড্র করলে কি হবে? সেক্ষেত্রে সুবিধাটা পাবে রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে রিয়াল জিতলেই পাল্টে যাবে সব হিসাব নিকাশ। বার্সার কাছ থেকে লিগ শিরোপা ছিনিয়ে নেবে জিনেদিন জিদানের দল। তাইতো নিজেদের শেষ ম্যাচে বার্সার অমঙ্গল চেয়েই মাঠে নামবে রোনালদো বেনজেমারা।
তারপরও একটা অসুবিধা থেকেই যাচ্ছে, আজকের দুটি ম্যাচই শুরু হচ্ছে রাত নয়’টায়। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একে অন্যের ফলাফল জেনে মাঠে নামার সুযোগ নেই। স্প্যানিশ লা লিগা মৌসুমের শেষ রাতটা তাই এবার সত্যিকার অর্থেই শিরোপা ফয়সালার রাত।
লিগের ৩৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গত সপ্তাহে শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৮৫।
দু’দলের কোচ লুইস এনরিকে আর জিনেদিন জিদান নিজেরাও মানছেন তাদের হাতে কিছু করার নেই। প্রেস কনফারেন্সে দুই কোচই জানালেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিজেরাও জয়ই চান। জয়ের বিকল্প ভাবতে নারাজ তারা।

শেষ চার ম্যাচ জিতে শিরোপার খুব কাছেই পৌঁছে গেছে বার্সেলোনা। গত চার ম্যাচে লুইস সুয়ারেসদের পারফরম্যান্সও দুর্দান্ত। এই সময়ে বার্সা ২১ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে, বিপরীতে কোনো গোল খায়নি লুইস এনরিকের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদ চাইলে ২১ বছর আগের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারে। ১৯৯৫ সালে মৌসুমের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হয়েছিল রিয়াল। সেবার দেপোর্তিভোকে হারিয়ে লা লিগার শিরোপা ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা।
Post a Comment