ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সাকিব
আগের ম্যাচেই অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন তিনি। গুজরাট লায়ন্সের বিপক্ষে সে ম্যাচে ব্যাট হাতে ৬৬ রান ও বল হাতে একটি উইকেট নিয়েছিলেন সাকিবআল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এই বাংলাদেশি অলরাউন্ডার ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রাইজিং পুনের বিপক্ষেও।
শনিবার ভারতের ইডেন গার্ডেন্সে সাকিবের দল কলকাতা টসে হেরে ফিল্ডিংয়ে নামে। এই ম্যাচে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বেশ মিতব্যয়ী বোলিং করেছেন। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে তিন ওভার বল করে ২১ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি।
ব্যক্তিগত প্রথম ওভারে সাকিব পুনের অস্ট্রেলীয় ব্যাটসম্যান উমর খাজাকে সাজঘরে ফিরিয়েছেন। আসরে এটি সাকিবের সপ্তম ম্যাচে চতুর্থ উইকেট।
অবশ্য এর আগে পাঁচ ম্যাচে সাকিব খুব একটা সাফল্য পাননি। ব্যাট হাতে মোট ২০ রান, আর বল হাতে নিয়েছিলেন মাত্র দুটি উইকেট। তাই এই বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়।
আর সে কারণে মাঝখানে অনেকটা গোপনে ঢাকায় ঘুরে যান নিজের প্রিয় কোচের পরামর্শ নেওয়ার জন্য। গত ৫ মে ঢাকায় কোচ সালাউদ্দিনের অধীনে দুদিন অনুশীলন করে ফিরে যান ৭ মে। এরপরই যেন ফর্ম ফিরে পান ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিন বল হাতে বল হাতে সাফল্য পাওয়ার পর ব্যাট হাতে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়। অবশ্য রিপোর্টটি লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল।
Post a Comment