Header Ads

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যা হয়েছে, তা এককথায় ন্যক্কারজনক

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যা হয়েছে, তা এককথায় ন্যক্কারজনক। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে একদল ‘দুর্বৃত্ত’র হামলার শিকার হয়েছে ম্যানইউর টিম বাস। বাসের ভেতরে খেলোয়াড়রা অক্ষত থাকলেও দুজন আহত হয়েছেন এ ঘটনায়। তাঁদের একজন পুলিশ কর্মকর্তা, অন্যজন পথচারী।
মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্টহ্যামের বোলিন গ্রাউন্ডে পৌঁছানোর ঠিক আগে হামলা হয়েছে ম্যানইউর বাসে। শত শত বোতল আর ক্যান উড়ে আসতে থাকে বাসের দিকে। অনেকেই তখন মোবাইল ফোন বের করে ব্যস্ত হয়ে পড়েন সেই দৃশ্য তুলতে। অশ্বারোহী পুলিশ অবশ্য অল্প সময়ের মধ্যেই ছত্রভঙ্গ করে দেয় উচ্ছৃঙ্খল জনতাকে। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ওয়েস্টহ্যামের জার্সি ছিল। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। যদিও ম্যানইউর অধিনায়ক ওয়েইন রুনির ভাষ্যমতে, বাসটি নাকি ‘চূর্ণ-বিচূর্ণ’ হয়ে গেছে! স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় ক্ষুব্ধ রুনির মন্তব্য, ‘আমরা জানতাম ওয়েস্টহ্যামের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। রাতটা তাদের জন্য আবেগঘনও ছিল। কারণ, এই স্টেডিয়ামে এটাই ছিল তাদের শেষ ম্যাচ। তবে আমি নিশ্চিত, ভক্তদের কৃতকর্ম দেখে ক্লাব হিসেবে ওয়েস্টহ্যাম হতাশ হবেই। ব্যাপারটা ভালো হয়নি।’


ম্যানইউর কোচ লুই ফন গালের কণ্ঠেও রুনির কথারই প্রতিধ্বনি, ‘আমি আর কী বলতে পারি? ছবিই তো সব বলে দিচ্ছে। আমাদের তো ঠিক শোভনীয় ভঙ্গিতে স্বাগত জানানো হয়নি!’
কোচ-অধিনায়ক ক্ষুব্ধ হলেও ঘটনার সময় ম্যানইউর খেলোয়াড়রা তেমন ভয় পাননি। প্রথমে অবশ্য একটু হকচকিয়ে গিয়েছিলেন তাঁরা। ফিল জোন্স, মাইকেল ক্যারিক আর আদনান জানুজাই তো শুয়েই পড়েছিলেন দুই পাশের সিটের মধ্যিখানের মেঝেতে। তবে মিডফিল্ডার জেসি লিনগার্ড বেশ মজাই পেয়েছেন। স্মার্টফোন বের করে বাসের ভেতরের দৃশ্য ভিডিও করেও রেখেছেন তিনি।
শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরেও সময়টা ভালো কাটেনি ম্যানইউর। দশম মিনিটে এগিয়ে গিয়েছিল ওয়েস্টহ্যাম। ৫১ মিনিটে সমতা আসার পর অতিথিদের গোলরক্ষক ডেভিড ডি গেয়াকে লক্ষ্য করে বোতল ছুড়ে মেরেছেন ওয়েস্টহ্যাম সমর্থকরা। ২-১ গোলে এগিয়েও টানটান উত্তেজনার ম্যাচটি ‘রেড ডেভিল’রা হেরে গেছে ৩-২ গোলে।
১৯০৪ সালে নির্মিত বোলিন গ্রাউন্ডে এটাই ছিল ওয়েস্টহ্যামের শেষ ম্যাচ। এ মৌসুমের শেষে কাছেই অলিম্পিক স্টেডিয়ামে চলে যাবে লন্ডনের ক্লাবটি। ঐতিহাসিক মাঠে শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম জিতলেও যে কলঙ্কজনক ঘটনার জন্ম হলো, তা বোধ হয় ইতিহাস থেকে কখনোই মুছে যাবে না।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.