ফিফার প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেনেগালের কূটনীতিক ফাতমা সামবা দিয়ুফ সামোরা।
ফুটবলের আন্তর্জাতিক সংগঠন ফিফার প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেনেগালের কূটনীতিক ফাতমা সামবা দিয়ুফ সামোরা। গতকাল শুক্রবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফিফার ৬৬তম কংগ্রেসে সংগঠনটির মহাসচিব হিসেবে ফাতমা সামোরার নাম ঘোষণা করা হয়।
বিবিসি জানায়, ফাতমা সামোরা সাবেক মহাসচিব জেরোমি ভালকের স্থলাভাষিক্ত হবেন। দুর্নীতির অভিযোগে জেরেমিকে ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক যুগ নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সংগঠনের পুনর্গঠেনের স্বার্থেই এখানে নতুন মুখ প্রয়োজন। নতুন মহাসচিব সম্পর্কে ফিফা প্রেসিডেন্ট বলেন, দল তৈরি ও চালানো এবং সংগঠনের কাজের উন্নয়নে সক্ষমতার প্রমাণ দিয়েছেন ফাতমা। দায়িত্বপূর্ণ ও ভালোভাবে চলার জন্য কোনো সংগঠনের মূল হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা—এই বিষয়টি ভালোই বোঝেন ফাতমা, যা ফিফার জন্য গুরুত্বপূর্ণ।
১৯৯৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা হিসেবে জাতিসংঘে কর্মজীবন শুরু করেন ফাতেমা সামোরা। বর্তমানে ৫৪ বছর বয়সী ফাতমা ২১ বছর জাতিসংঘে কাজ করেছেন। নাইজেরিয়াসহ আফ্রিকার ছয়টি দেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ ছাড়া বেসরকারি খাতেও কিছুদিন কাজ করেছেন ফাতমা। চারটি ভাষা জানা ফাতমা সামোরা বর্তমানে নাইজেরিয়ায় জাতিসংঘ মিশনে কর্মরত। আগামী জুন মাস থেকেই ফিফায় কাজ শুরু করবেন ফাতমা।
ফিফার মহাসচিবের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ফাতমা সামোরা নিজের অভিজ্ঞতা থেকে ফিফার পুনর্গঠনে অবদান রাখতে পারবেন বলে মনে করেন।
দুর্নীতির কারণে সম্প্রতি ফিফার শীর্ষ নেতৃত্বে বেশ রদবদল হয়েছে। গত বছর ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারকেও সরে যেতে হয়েছে। ১৯৯৮ সাল থেকে সংগঠনটির প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার।
Post a Comment