Header Ads

৫০টি টি-টোয়েন্টি উইকেটের মালিক মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগের দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। তাই গুঞ্জন শুরু হয়ে যায়, কাটার-মাস্টারের বোলিং রহস্য ফাঁস হয়ে গেল কি না। সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসারকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমেও শুরু হয়ে যায় নানা আলোচনা-সমালোচনা।


বিশেষ করে আগের ম্যাচেই চার ওভারে ৩৯ রান খরচায় কোনো উইকেট না পাওয়ায় সমালোচনাটা আরো জোরালো হয়। তাই কেউ কেউ বলতে শুরু করেছেন, ব্যাটসম্যানরা হয়তো বুঝে ফেলেছেন মুস্তাফিজের রহস্য। 
সবার সেই সমালোচনার জবাব ঠিকই তিনি দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে। দলের অন্য বোলাররা যখন পাঞ্জাব ব্যাটসম্যানদের বিপক্ষে মার খাচ্ছেন, ঠিক তখনই অধিনায়ক বল তুলে দেন তাঁর হাতে। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন এই তরুণ বাঁহাতি। পাঞ্জাব অধিনায়ক মুরালি বিজয়কে সাজঘরে ফিরিয়ে ম্যাচের প্রথম উইকেটটি তুলে নেন তিনি।
এই উইকেটটি নিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলে মোট ৫০টি টি-টোয়েন্টি উইকেটের মালিক হন মুস্তাফিজ।
প্রথম ওভারে চার রান দিয়ে এক উইকেট তুলে নেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ছয় রান। অবশ্য তৃতীয় ওভারে একটু বেশিই খরচ করেছেন, ১৩ রান। আর চতুর্থ ওভারে ৯ রান খরচ করেছেন।
তবে মুস্তাফিজ শেষ ওভারে আরেকটি উইকেট পেতেও পারতেন, যদি না হাশিম আমলার ক্যাচ ফেলে না দিতেন ফিল্ডার বিজয় সরকার। তবে চার ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সেটাও কম নয়।
অবশ্য পাঞ্জাব বড় ইনিংস গড়েছে। নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে। মুস্তাফিজদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান আমলা। মাত্র ৫৬ বলে ৯৬ রানের অসাধারণ একটি ইনিংস খেললেও শতকবঞ্চিত হয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.