Header Ads

ব্রডের সেরা পাঁচের এক টেস্ট

ব্রডের সেরা পাঁচের এক টেস্ট
ঢাকার মিরপুরেই ২৮ অক্টোবর ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে মাঠে নামবেন স্টুয়ার্ট ব্রড। চট্টগ্রামে খেলছেন ৯৯তম টেস্ট। অভিষেকের পর থেকেই ইংলিশ দলের নিয়মিত খেলোয়াড় হওয়ায় অনেকবারই খেলেছেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতা অ্যাসেজ সিরিজেও। অথচ শততম ম্যাচের কাছাকাছি খেলা ব্রডের সেরা পাঁচটি টেস্টের মধ্যে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম টেস্টও। রোববারের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এ ইংলিশ পেসার।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্রড বলেন, ‘কি চমৎকার টেস্ট ম্যাচ। পঞ্চম দিনে যাওয়া, ৩৩ রানের মধ্যে আমাদের দুটি উইকেট নিতে হবে। বাংলাদেশও চমৎকার খেলেছে। মনে হচ্ছে যেন, আমার ক্যারিয়ারে খেলা সেরা পাঁচটি ম্যাচের মধ্যে এটিও একটি। আমি ক্যারিয়ারে ৯৯টি ম্যাচ খেলেছি। তাই আমি জানি রাতে আরও ২/৩ ঘণ্টা চিন্তিত থাকব। এটা খুব মজার।’

চট্টগ্রামের উইকেট বরাবরই স্লো হয়ে থাকে। যেখানে ব্যাটসম্যানদের প্রতিটি রান করতে সংগ্রাম করতে হয়। এমন উইকেটে নিজেদের পারফরম্যান্সে গর্বিত ব্রড। এমনকি বাংলাদেশের পারফরম্যান্সেও টাইগাররা গর্বিত বলে মনে করছেন তিনি। উভয় দলই নিজেদের সামর্থ্য প্রমাণ করায় দারুণ উপভোগ্য ম্যাচ বলে আখ্যায়িত করেন তিনি।

‘আমার মনে হয়, এটা খুবই দারুণ একটি টেস্ট ম্যাচ। দুই দলের খেলোয়াড়রাই তাদের দক্ষতা দেখিয়েছে। উইকেট ব্যাটসম্যানদের জন্য উপযোগী নয়। আমি ৬০০, সাড়ে ৬০০ রানের টেস্টে ম্যাচের চেয়ে ৩০০, সাড়ে ৩০০ রানের টেস্ট পছন্দ করি। আমার মনে হয়, বাংলাদেশ তাদের পারফরম্যান্সে অনেক গর্ববোধ করবে। আমরাও গর্বিত, এমন কন্ডিশনে আমাদের দক্ষতা দেখিয়েছি।’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয় টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ। প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ২১ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। এরপর কিছু প্রতিরোধ গড়ার পর আবারও খেলায় ফিরে আসে বাংলাদেশ। শেষদিকে ব্যাটসম্যানদের সফলতায় ২৯৩ রান করে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও প্রায় একই চিত্র।

বাংলাদেশও তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছিল। এরপর ঘুরে দাঁড়ায় ইংলিশরা। শেষ পাঁচ উইকেট তুলে নেয় তারা মাত্র ২৭ রানে। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। পাঁচ উইকেটে ২২৭ রান করার পর দ্রুতই তিনটি উইকেট তুলে নিয়েছে ইংলিশশিবির। শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩৩ রান। অপরদিকে সফরকারীদের চায় দুই উইকেট।

দারুণ রোমাঞ্চকর লড়াই হওয়ায় শেষ পর্যন্ত একটি দলকে হারতেই হবে বলেন ব্রড। এ ম্যাচে ড্র হবে না ভেবে দারুণ খুশি তিনি, ‘গত ছয় বছরের মধ্যে এটা আমাদের প্রথম টেস্ট ম্যাচ। আগামীকাল এখানে ১১ জন হতাশ হবে এবং ১১ জন উৎফুল্ল হবে। নিশ্চিত এটা ড্র হচ্ছে না।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.