Header Ads

পরীক্ষা শেষেও আত্মবিশ্বাসী সানি-তাসকিন

আগের দিনই ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে জানিয়েছিলেন, গত কয়েকমাস যে পরিশ্রম করেছেন তাতে ভরসা রয়েছে নিজেদের। পরীক্ষা শেষেও সেই ভরসা অটুট। ভালো ফলাফলের ব্যাপারে দুজনই আত্মবিশ্বাসী।
ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষার শুরুটা অবশ্য ততটা সুখকর হয়নি তাসকিনের। সঙ্গে কোচ চান্দিকা হাতুরুসিংহে ছিলেন, যা মানসিকভাবে এগিয়ে নিয়েছে জাতীয় দলের এই তরুণ ফাস্ট বোলারকে। প্রথম আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খানকে হাতুরুসিংহে জানিয়েছেন, দুজনের পরীক্ষায় ভালো হয়েছে। কথা হয়েছে তাসকিনের সঙ্গেও।
সাব্বির খান বলেন, ‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের পরীক্ষাই ভালোভাবে হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা বলেছি। ও প্রথমে একটু টেনশনে থাকলেও কোনো সমস্যা হয়নি।’
তাসকিনের অ্যাকশন পরীক্ষায় ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ-নির্বাচকরা। আফগানিস্তান সিরিজেই তাকে চায় দল। সেক্ষেত্রে বোলিং অ্যাকশনের ফলাফল কবে প্রকাশ করা হবে, সেটার উপরই সবকিছু নির্ভর করছে।
নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, ‘অনেক সময় ১০-১২ দিনেও নাকি বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। আফগানিস্তান সিরিজের চূড়ান্ত দল ঘোষণার আগে যদি সত্যি সত্যি ফলাফল চলে আসে এবং তাসকিন আইসিসির ছাড়পত্র পেয়ে যায়, তাহলে অবশ্যই তাকে দলে নেওয়ার কথা চিন্তা করবো।’
তবে খুব সহজে ভাগ্য খুলছে না সানির। অ্যাকশন শোধরানোর পর যদি ফিরেও আসে অপেক্ষা তাকে করতেই হচ্ছে। কারণ, আফগানিস্তানের বিপক্ষে ২০ জনের পুলেই রাখা হয়নি তাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.