Header Ads

রফিক ঝড়ে উড়ে গেলো পাইলটরা

রফিক ঝড়ে উড়ে গেলো পাইলটরা

যা হবার তাই হলো। সাবেক ক্রিকেটারদের মাঠে নামার আগে মূল আলোচনা ছিল ফিটনেস। সেটাই প্রকটভাবে ফুটে উঠলো মাঠে। ক্যাচ মিস আর রানআউটের মহড়াতে মেতেছিলেন সাবেক ক্রিকেটাররা। তবে তা সত্ত্বেও মোহাম্মদ রফিকের খেলা দেখে অনেকেই আফসোস করেছেন, কেন তিনি অনেক আগে খেলা ছেড়ে দিলেন! তার দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দানবীয় ব্যাটিংয়ে সহজ জয় পেলো কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স।

বৃহস্পতিবার কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পরে শুরু হয় মাস্টার্স কার্নিভালের খেলা। এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা থাকলেও দুই নম্বর গ্রাউন্ড খেলার অনুপযোগী থাকায় একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কক্সবাজারের এক নম্বর মাঠে গ্রাউন্ডসম্যানদের নিদারুণ চেষ্টায় মাঠ খেলা উপযোগী করলে মাঠে নামে রেনেসাঁ রাজশাহী মাস্টার্স ও কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স। তবে ১৬ ওভারে খেলা হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ওভার কমিয়ে ৮ ওভারে নির্ধারণ করা হয়।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রেনেসাঁ রাজশাহী মাস্টার্স। রাজশাহীর ব্যাটিংয়ের শুরুটা করেন হান্নান সরকার ও রফিকুল ইসলাম খান। শুরুতেই ঢাকা মেট্রোর নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় শট খেলতে পারেনি রাজশাহী। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিকের তোপে পড়েন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন হান্নান। এছাড়া রফিকুল করেন ১৮ রান। এ দুই ব্যাটসম্যানের উদ্বোধনী জুটিতে ৩৬ রানের পর নিয়মিত বিরতিতে উইকেট হারালে নির্ধারিত ৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪৯ রান করতে সক্ষম হয় রাজশাহী।

৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মনিরুজ্জামানের দানবীয় ব্যাটিংয়ে দারুণ সূচনা পায় ঢাকা মেট্রো। রিয়াজুল হকের প্রথম দু’ বলেই দুটি ছক্কা মারেন তিনি। এরপর মোর্শেদ আলী খান সুমনের ইনিংসের পঞ্চম ওভারে তিনটি ছক্কা মেরে খেলা শেষ করেন মোহাম্মদ রফিক। মাত্র ৮ বলে ২২ রানের দানবীয় ইনিংসে ১৯ বল বাকি থাকতেই সহজ জয় পায় ঢাকা মেট্রো। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে আট রানে একটি উইকেট নেওয়ায় ম্যান অব দ্যা ম্যাচ হন রফিক। রাজশাহীর পক্ষে ২টি উইকেট নেন বাংলাদেশ দলের সাবেক পেস অলরাউন্ডার মুশফিক বাবু। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.