ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের জন্য আমি যুদ্ধ করবো : ওয়ালশ
কোর্টনি ওয়ালশ নামটি শুনলেই ব্যাটসম্যানদের বুক দুরুদুরু করে উঠতো। গতি দানবকে যেন মোকাবেলা না করতে হয় এমন প্রার্থনাও অনেক ব্যাটসম্যান করেছেন। বল হাতে বিশ্ব মাতিয়েছেন অনেকটা সময়। ছিলেন বিশ্বসেরাও। ওয়েস্ট ইন্ডিজের সেই কোর্টনি ওয়ালশকে পেস বোলিং কোচ করে আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।
ওয়ালশকে পেয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গণের সবাই খুশিতে আত্মহারা প্রায়। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির গেম ডেভেলপম্যান্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন তো বলেই দিয়েছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে বড় একটি নাম যোগ হতে যাচ্ছে।’ কিন্তু বাংলাদেশে এসে ওয়ালশেরই স্বপ্ন পূরণ হয়েছে। আর এটা খোদ ওয়ালসই বলেছেন।
বাংলাদেশে এসে রোববার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে প্রথম ৫০০ উইকেটের মালিক হওয়া ওয়ালশ। স্বপ্ন পূরণ নিয়ে তিনি বলছেন, ‘আমার মনেহয় সুযোগ নিজে থেকেই এসেছে। আমি সব সময় স্বপ্ন দেখেছি কোনো আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করার। এমন কিছু একটাই আমি চেয়েছি। তো আমি এটার অংশ হতে পেরে খুশি।’
আপাতত ক্রিকেটারদের ভালোভাবে চিনে নিতে চান ওয়ালশ। এরপর জেনে নেবেন মুস্তাফিজ, তাসকিন, রুবেলদের লক্ষ্য ও উদ্দেশ্য, ‘আমি প্রত্যেকের সম্পর্কে জেনে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আমার জ্ঞানও তাদের সাথে ভাগাভাগি করবো। জানার চেষ্টা করবো কিভাবে তারা উন্নতি করতে চায়। বোঝার চেষ্টা করবো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দল আমার কাছ থেকে কি পেলো দিনশেষে সেটা দেখেই আমি উদ্দীপ্ত হবো।’
প্রথম দিনেই তার কথা শুনে বোঝা গেল কতোটা পেশাদার মনোভাব তার। বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে সাবেক এই বিশ্বসেরা বলছেন, ‘বাংলাদেশের কিছু তরুণ পেসারদের নিয়ে আমি খুবই আশাবাদী। তারা বেশ উন্নতি করেছে। আমি যদি তাদেরকে আরেকটু সাহায্য করতে পারি সেটা অনেক বড় ব্যাপার হবে। আমি খুব খুশি হবো যদি দল উন্নতির দিক থেকে সুবিধা পায়। ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের জন্য আমি যুদ্ধ করবো।’
Post a Comment