স্পেশালিস্ট বোলিং কোচ হতে পেরে অামি পেরে আমি রোমাঞ্চিত।
নব্বইয়ের দশকে বিশ্বের নামকরা সব ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরিয়ে দেয়ার জন্য একটা নামই যথেষ্ট ছিল – কোর্টনি ওয়ালশ। সেই ওয়ালশ প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিলেন। আর সেই দলটার নাম বাংলাদেশ।
বাংলাদেশ যেমন কিংবদন্তির সান্নিধ্যের অপেক্ষায় উচ্ছ্বসিত, তেমনি রোমাঞ্চিত খোদ ওয়ালশও। বললেন, ‘স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে বিসিবিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলটার সাথে কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি।’
একই সাথে বাংলাদেশের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ওয়ালশ। প্রায় ৫৪ বছর বয়সী এই কোচ বললেন, ‘বেশ কয়েক বছর ধরে আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। বুঝি, এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। চান্দিকা হাতুরুসিংহে প্রধান কোচ হিসেবে দারুণ, এখানে তিনি ইতিবাচক উন্নতি এনেছেন। আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, কোর্টনি ওয়ালশ আগামী ২০১৯ বিশ্বকাপ অবধি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দেশে এসে তিনি দায়িত্ব বুঝে নেবেন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) নির্বাচক থাকলেও, বিসিবির প্রস্তাব পেয়ে খুব একটা ভাবতে হয়নি ওয়ালশের। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নির্বাচকের কাজটা আমি দারুণ উপভোগ করেছি। সেজন্য ওদের ধন্যবাদ জানাই। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজই আমার নিজের বাড়ি, তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান একটা দলের কোচিং করানোটা আমার জন্য নতুন একটা সুযোগ। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি।’
গত মাস খানেক ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং কোচ নিয়ে কম জল ঘোলা হয় নি। তবে, সর্বশেষ কয়েকদিন ধরে মোটামুটি নিশ্চিত হয়েই ছিল যে, পেস বোলিং কোচ হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।
জিম্বাবুয়ের হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করায় তার ছেড়ে যাওয়া পদের জন্য চামিন্দা ভাস, আকিব জাভেদ, চম্পকা রমানায়েকে, শেন বন্ড, কার্টলি অ্যামব্রোস, ওটিস গিবসন কিংবা অ্যালান ডোনাল্ডের নাম শোনা গিয়েছিল। তবে, শেষমেশ কোর্টনি ওয়ালশের উপরই ভরসা রাখলো বিসিবি।
সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মনে করে ওয়ালশের অভিজ্ঞতায় উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট, ‘কোর্টনি ওয়ালশকে পেয়ে আমার আনন্দিত। অনেকের কাছে ও আদর্শের মত। আর ফাস্ট বোলিংয়ে ওর জ্ঞান দ্বিতীয় আর কারও নেই।
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টি টেস্টে এক সময়ের রেকর্ড ৫১৯ টি উইকেটের মালিক। টেস্টে ৫০০ উইকেট পাওয়া প্রথম বোলার তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলকে ২২টি টেস্টে নেতৃত্ব দেওয়া ওয়ালশ ২০৫ ওয়ানডেতে তুলে নিয়েছেন ২২৭ টি উইকেট।
এর আগে ক্রিকেট প্রশাসক, নির্বাচক হিসেবে এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরামর্শক হিসেবে জ্যামাইকা তালাওয়াসের হয়ে দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছুকাল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের দায়িত্বও পালন করেছেন ডানহাতি এই পেসার। এবার তিনি আসছেন বাংলাদেশে; এবারই প্রথম তার কাঁধে বোলিং কোচের দায়িত্ব।
Post a Comment