সিপিএলে যে কারণে সাকিব অনন্য
দ্বিতীয়বারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়ে শিরোপার স্বাদ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার জ্যামাইকা তালাওয়াস ৯ উইকেটে হারিয়েছে গায়ানা আমাজান ওয়ারিয়র্সকে।
এ নিয়ে চতুর্থবারের মত টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের শিরোপা জিতেন সাকিব। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিন বছরে দুইবার শিরোপার স্বাদ নেন বামহাতি এ অলরাউন্ডার। এবার জিতলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা। ‘চ্যাম্পিয়ন লাক’ বলা যেতেই পারে।
সিপিএলের এবারের আসরে ২৯ বছর বয়সী সাকিবকে ১ লাখ ১০ হাজার ডলারে নেয় জ্যামাইকা তালাওয়াস। ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলরা খেলেছেন সাকিবের দলে। ক্রিকেটারদের নামের তালিকা দেখলেই বোঝা যায় যে, দলটি ‘চ্যাম্পিয়ন’ ।
ব্যক্তিগত নৈপূণ্যের পাশাপাশি দলগত পারফরম্যান্সে শিরোপার স্বাদ পেয়েছে জ্যামাইকা। কখনো ক্রিস গেইল, কখনো আন্দ্রে রাসেল, আবার কখনো সাকিব, সাঙ্গাকারা জ্বলে উঠে জ্যামাইকাকে জয়ের স্বাদ দিয়েছেন।
সোমবারের ফাইনালে সাকিব গায়ানার সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনের উইকেট নিয়ে শুরুতেই দলকে এগিয়ে নেন। এরপর নেন জসন মোহাম্মেদের উইকেট। জ্যামাইকা ৯৩ রানে গায়ানাকে আটকে দেওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিবের।
লিগে সাকিবের পারফরম্যান্স চোখ ধাঁধানো না হলেও শতভাগ উজাড় করে দলের প্রয়োজন মিটিয়েছেন। ফ্রেঞ্চাইজি তার থেকে যা চেয়েছে তাই করে দেখিয়েছেন। বল হাতে যখন উইকেট দরকার ছিল তখন বামহাতের ঘূর্ণি যাদু দেখিয়েছেন। প্রয়োজনে ২২ গজের ক্রিজে ছোট্ট ক্যামিও ইনিংসও উপহার দিয়েছেন। ব্যাট হাতে দশ ইনিংসে সাকিবের রান ১৬০। সর্বোচ্চ ৫৪ রান করে পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া বল হাতে নিয়েছেন ১২ উইকেট। ফিল্ডিংয়ে ধরেছেন ৪টি ক্যাচ।
অলরাউন্ড পারফরম্যান্সে গেইল, রাসেলকে সঙ্গী করে জ্যামাইকাকে শিরোপার স্বাদ দেওয়া সাকিব সত্যিই ছিলেন দলের অন্যতম মূল শক্তি। চারটি টি-টোয়েন্টি লিগের স্বাদ পাওয়া সাকিব দেশের হয়ে বৈশ্বিক কোনো শিরোপা জিতলেই ষোলকলাপূর্ণ হবে। ক্রিকেটপ্রেমিদের এ স্বপ্নও সাকিব একদিন পূরণ করবেন!

Post a Comment