জাতীয় দলের বোলিং কোচ চূড়ান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বলছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ চূড়ান্ত হয়েছে। এ মাসের শেষ দিকে চলে আসবেন।’
বুধবার এ ঘোষণা দেন তিনি। অবশ্য একই ধরণের ঘোষণা একাধিকবার দিয়েছেন বোর্ড সভাপতি। তবে যতোবারই বোর্ড সভাপতি বোলিং কোচ নিয়ে কথা বলেছেন ততোবারই কোনো কোচের নাম বলেননি।
আজও যেই ঘোষণা দিয়েছেন সেখানেও বোর্ড সভাপতি ‘চূড়ান্ত’ কোচের নাম বলেননি। বোর্ড সভাপতির আজকের বক্তব্য ছিল এরকম, ‘জাতীয় দলের জন্য বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। তবে আমরা এখনই তার নাম প্রকাশ করতে পারছি না। কারণ তিনি এখন অন্য একটি দলের হয়ে কাজ করছেন। যে কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ বিষয়ে শিগগিরই জানানো হবে।’
বিসিবির সম্ভাব্য কোচের তালিকায় ছিলেন বাংলাদেশের প্রাক্তন শ্রীলঙ্কান চম্পকা রামানায়েকে এবং চামিন্দা ভাস। এ দুজনের থেকে একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি! হিথ স্ট্রিক বাংলাদেশ চাকরি ছাড়ার পর নতুন কোচের সন্ধানে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের চাকরি ছেড়ে ভারতের উত্তর প্রদেশের গোরহারি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন স্ট্রিক।
এদিকে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের যেই কমিটি আছে সেই বলছে তাসকিন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের একটা প্রস্তাব নতুন করে উঠেছে, সেটা হল যেহেতু আকিব জাভেদ এখানে আছে তাই তার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে নেওয়া। আমরা আরও অপেক্ষা করতে পারব। তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিব না। ওকে একবার পাঠিয়ে নেতিবাচক কোনো ফল মানেই এক বছরের জন্যে নিষিদ্ধ হওয়া।’

Post a Comment