নতুন নিয়ম চালু করলো অাইসিসি, পায়ের ‘নো’ বল ডাকবেন টিভি আম্পায়ার
বুধবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পরীক্ষামূলকভাবে পায়ের ‘নো’ বল ডাকবেন টিভি আম্পায়ার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টিভি আম্পায়ারকে সহায়তা করতে রান আউটের জন্য ব্যবহৃত চারটি ক্যামেরার ছবি থাকবে একটি স্ক্রিনে। এতে থাকবে ভিডিওর ‘স্লো মোশন রিপ্লে’ দেখা ও ‘ফরোয়ার্ড-রিওয়াইন্ড’ করার ব্যবস্থাও।
টিভি আম্পায়ারের সঙ্কেত পেতে মাঠের আম্পায়ারদের পরনে থাকবে একটি ‘পেজার ওয়াচ’। যখনই ‘নো’ বল ডাকা হবে, তখন কেঁপে উঠবে এই পেজার ওয়াচ। তবে এভাবে সঙ্কেত পাঠাতে ব্যর্থ হলে প্রচলিত পদ্ধতিতে মাঠের আম্পায়ারকে নো বল হওয়ার কথা জানাবেন তৃতীয় আম্পায়ার।
তবে এই সিরিজের কোনো ভেন্যুতে যদি পার্শ্ব ক্যামেরা না থাকে, কেবল মাত্র তখনই মাঠের আম্পায়ার পায়ের ‘নো’ বল ডাকবেন। অন্যথায় টিভি আম্পায়ারের হাতেই থাকছে সামনের পায়ের ‘নো’ বল ডাকার এই প্রক্রিয়া।
আগামী বুধবার সাউথ্যাম্পটনে হবে প্রথম ওয়ানডে। তার আগে আম্পায়ারের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আইসিসিরি আম্পায়ার-রেফারি বিভাগের জেষ্ঠ্য ব্যবস্থাপক অ্যাড্রিয়ান গ্রিফিথ। এছাড়াও এই ট্রায়ালের ফলাফল আইসিসির ক্রিকেট কমিটিকে জানানো হবে বলে নিশ্চিত করেন।
বললেন, ‘সোমবার এবং মঙ্গলবার সাউদাম্পটনে ম্যাচ অফিশিয়ালদের এ ব্যাপারে প্রশিক্ষন দেওয়া হবে। এছাড়াও এই পরীক্ষামূলক আম্পায়ারিংয়ের ফলাফল আইসিসির ক্রিকেট কমিটিকে জানানো হবে; যারা আইসিসিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবেন।’
Post a Comment