ব্যাটসম্যানদের জন্য আরো বিপজ্জনক হয়ে উঠবেন ‘কাটার বয়’ - তাসকিন
মোস্তাফিজের প্রতি আমার শুভকামনা রইল। আশা করি ও ওখানে অনেক ভালো করবে। সে খুব বুদ্ধিমান। ফ্লাড উইকেটে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সে অসাধারণ বোলিং করে। ইংলিশ কন্ডিশন পেস সহায়ক। সেখানে সে আরো ভালো করবে। ওখানকার কন্ডিশনে খেলা তার জন্য ভালো অভিজ্ঞতাও। এটা জাতীয় দলেরও কাজে আসবে। গুড লাক মোস্তাফিজ।
আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে বাংলাদেশের একটি গণমাধ্যমকে তাসকিন আহমেদ এসব কথা বলেন।
তাসকিন আহমেদ আরও বলেন, ইংলিশ কন্ডিশন কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের জন্য আরো বিপজ্জনক হয়ে উঠবেন ‘কাটার বয়’।
এসময় আত্মবিশ্বাসী তাসকিন নিজের ব্যাপারে বলেন, সবকিছু ঠিকঠাক চলছে। আমি পরিশ্রম করে যাচ্ছি। বিসিবি আমাকে অনেক সাহায্য করছে। আমি কৃতজ্ঞ। আশা করি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অসুবিধা হবে না।
কাউন্টি খেলার জন্য গত সপ্তাহেই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ভিসা না পাওয়ার জন্য যেতে পারেন নি। জানা গেছে, সোমবার বা মঙ্গলবারের মধ্যে ইংল্যান্ড যাচ্ছেন মোস্তাফিজ। সেক্ষেত্রে ২১ জুলাই তার মাঠে নামার কথা। ওই দিন মোস্তাফিজের সাসেক্সের প্রতিপক্ষ এসেক্স।
এদিকে, মিরপুরে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি বেশ ভালোই সেরেছেন মোস্তাফিজ। আগের মতো পুরোদমে বোলিং করতে পারছেন তিনি। একাডেমি মাঠে নিয়মিত ঘাম ঝরিয়ে চলেছেন তাসকিন আহমেদও। কিন্তু দুজনের সামনে দুরকম চ্যালেঞ্জ। মোস্তাফিজের সামনে নিজেকে আরো উপরে নিয়ে যাওয়ার সুযোগ।
অন্যদিকে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাসকিন আহমেদকে। গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দুই আম্পায়ার, ভারতের সুন্দরম রবি আর অস্ট্রেলিয়ার রড টাকার তাসকিনের বোলি অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন।
পরে তাসকিনকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় চেন্নাইয়ের একটি ল্যাবে। সেই পরীক্ষায়ও কিছুটা সমস্যা ধরা পড়ে তাসকিনের বোলিংয়ে। এরপর থেকে বোলিং অ্যাকশন শুধরানোর চেষ্টা করে যাচ্ছেন এ প্রতিভাবান ফাস্ট বোলার। আগস্টে চূড়ান্ত পরীক্ষাটা হবে তার। এই পরীক্ষায় উৎরাতে না পারলে দীর্ঘ মেয়াদের জন্য নিষিদ্ধ হবেন তাসকিন।
Post a Comment