Header Ads

বৃষ্টির মাঝে অস্ট্রেলিয়ার আধিপত্য

দ্বিতীয় দিনের খেলায় যেন প্রথম দিনেরই প্রতিচ্ছবি। প্রথম দিন বৃষ্টিতে শেষ সেশন ধুয়ে যাওয়ার আগে দাপট ছিল অস্ট্রেলিয়ার। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের চিত্র অনেকটা একই রকম। চা-বিরতির কিছুক্ষণ আগে বৃষ্টি এসে খেলা ভাসিয়ে নেওয়ার আগে অতিথিরাই ছিল চালকের আসনে।
আজ বুধবার প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে ২০৩ রান করেও ৮৬ রানের বেশ ভালো লিড নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অস্বস্তিতে শ্রীলঙ্কা। এক উইকেটে ছয় রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে ৬৬ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা একদমই ভালো হয়নি। দিনের দ্বিতীয় ওভারেই স্টিভ স্মিথকে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি করেছেন রঙ্গনা হেরাথ। আগের দিনের ২৮ রানের সঙ্গে আজ মাত্র দুই রান যোগ করতে পেরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
দুই ওভার পর আবার হেরাথের আঘাত। এবার আরেক অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। হেরাথের সঙ্গে জ্বলে উঠেছেন অভিষিক্ত চায়নাম্যান বোলার লক্ষণ সান্দাকানও। দুজনই চারটি করে উইকেট নেওয়ায় ২০০ পেরিয়েই থেমে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান এসেছে অ্যাডাম ভোজেসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান মিচেল মার্শের। পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৬০ রান।
শ্রীলঙ্কার দুর্ভাগ্য, বৃষ্টি দ্বিতীয় দিনের খেলা বন্ধ করার ঠিক আগে ওপেনার কুসাল পেরেরাকে হারিয়েছে তারা। মিচেল স্টার্কের বাঁহাতি পেসে বিভ্রান্ত পেরেরা এলবিডব্লুর ফাঁদে পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে বন্ধ করে দিয়েছে খেলা। আম্পায়াররা তাই একটু আগেই চা-বিরতির ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। চা-বিরতির পর বৃষ্টি আর খেলা হতে দেয়নি।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১১৭ (করুনারত্নে ৫, কৌশল সিলভা ৪, কুসাল মেন্ডিজ ৮, চান্দিমাল ১৫, ম্যাথিউস ১৫, ধনঞ্জয় ডি সিলভা ২৪, কুসাল পেরেরা ২০, দিলরুয়ান পেরেরা ০, হেরাথ ৬, সান্দাকান ১৯*, প্রদীপ ০; লিয়ন ৩/১২, হেজেলউড ৩/২১, ও’কিফ ২/৩২, স্টার্ক ২/৫১)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২০৩ (বার্নস ৩, ওয়ার্নার ০, খাজা ২৬, স্মিথ ৩০, ভোজেস ৪৭, মার্শ ৩১, নেভিল ২, ও’কিফ ২৩, স্টার্ক ১১, লিয়ন ১৭, হেজেলউড ২*; হেরাথ ৪/৪৯, সান্দাকান ৪/৫৮, প্রদীপ ২/৩৬)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৬/১ (কুসাল পেরেরা ৪, কৌশল সিলভা ২; স্টার্ক ১/৩)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.