শেষে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে বোলাররা
একটা সময় পর্যন্ত যে কোনও ক্রিকেট টিমেই টেল এন্ডারদের ব্যাট থেকে কেউ রান আশা করতেন না। কিন্তু ক্রিকেট বদলেছে। এখন যে কোনও টিমে আট নম্বর পজিশন পর্যন্ত ব্যাটসম্যান থাকে। তবে টেস্টে এখনও একদম শেষে ব্যাট করতে নামেন যাঁরা, তাঁরা মূলত বোলার। তবে শেষ দিকে ব্যাট করতে নেমেও কামাল করেছেন, এমন নজির টেস্ট ক্রিকেটে কম হলেও আছে।
মোহাম্মদ রফিক: ২০০৪ সাল। বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টিমের তখন ২৫০ রান। ৯ নম্বর পজিশনে নেমে হাল ধরেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। ১১১ রানে অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি।
ওয়াসিম আকরাম: ১৯৯৬ সাল। বিশ্ব ক্রিকেটে অন্যতম পেসার ওয়াসিম আকরাম জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ডবল সেঞ্চুরি করেন। ৮ নম্বর পজিশনে নেমে ২৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।
স্টুয়ার্ট ব্রড: ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড নয় নম্বর পজিশনে নেমে রান করেছিলেন ১৬৯। জনাথন ট্রটের সঙ্গে ৩৩২ রান পার্টনারশিপ ছিল তাঁর।
অনিল কুম্বলে: টেস্টে ৬১৯ টি উইকেট। ওয়ানডেতেও ৩০০র বেশি উইকেট রয়েছে তাঁর। কিন্তু ব্যাট হতেও ভাল রান রয়েছে অনিল কুম্বলের। ২০০৭ সালে ৮ নম্বর পজিশনে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালেতে ১১০ রান করেছিলেন তিনি।
মিচেল জনসন: অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ব্যাট হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন। টেস্ট কেরিয়ারে ১১টি অর্ধশতরান রয়েছে। দু’বার নব্বইয়ের ঘরে নট আউট থেকেছেন। তবে প্রথম শতরানটি করেন ২০০৯ সালে কেপ টাউনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ নম্বর পজিশনে নেমে ১২৩ রানে অপরাজিত থাকেন মিচেল জনসন।
অজিত আগারকর: ভারতীয় দলে বোলার হিসাবে জায়গা থাকলেও মাঝে মধ্যে উপরে দিকে ব্যাট করেছেন ফাস্ট বোলার অজিত আগারকর। তবে ব্যাটিং কেরিয়ারে তাঁর স্মরণীয় ইনিংস হয়ে রয়েছে ২০০২ সালে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ নম্বর পজিশনে নেমে ১০৯ রানের ইনিংস খেলেন আগারকর।
সোহাগ গাজি: ২০১৩ সালে বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজি ঘরের মাঠে ১০১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। ৮ নম্বর পজিশানে নেমে শতরান করেছিলেন। বিপক্ষ দেশ ছিল নিউজিল্যান্ড।
হরভজন সিংহ: ২০১০ সাল। আমেদাবাদ। বিপক্ষ নিউজিল্যান্ড। ৮ নম্বর পজিশনে নেমে ১১৫ রানের ইনিংস খেলেন। তার পরের টেস্টেও শতরান করেন অফ স্পিনার ভাজ্জি।
জেরম টেলর: ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ বোলার জেরম টেলর ৮ নম্বর পজিশনে নেমে ১০৬ রান করেন। শতরানটি করেন ডানবিনে নিউডিল্যান্ডের বিরুদ্ধে।
রবিচন্দ্রন অশ্বিন: টেস্টে দুটি শতরান রয়েছে তাঁর। ৮ নম্বর পজিশনে নেমে প্রথম শতরানটি করেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৩ রান করেন। দু’বছর পর সেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ইডেনে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন।
Post a Comment