Header Ads

বাংলাদেশে হতে পারে এমসিএল

আসছে সেপ্টেম্বরে বাংলাদেশে আয়োজন করা হতে পারে এমসিএল। যেখানে অংশ নেবে মোট আটটি দল, এবং সেই আট দলের নামকরণ হবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কদের নাম অনুসারে।
সেপ্টেম্বরে বাংলাদেশে হতে পারে এমসিএল
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। গত বছরই শচীন টেন্ডুলকার আর ওশেন ওয়ার্ন দুই দলে ভাগ হয়ে অলস্টার ক্রিকেট টুর্নামেন্ট খেলেন। এই বছরের শুরুতেও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল মাস্টার্স ক্রিকেট লিগ (এমসিএল)।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির বর্তমান ডিরেক্টর আকরাম খান আর খালেদ মাহমুদ সুজনের মাথা থেকে বেরিয়েছে এ টুর্নামেন্ট আয়োজনের চিন্তা। আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও এ পরিকল্পনার অংশ হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
আকরাম খান নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশে এমসিএল আয়োজনের সম্ভাবনা। ‘চিন্তাটা হঠাৎ করেই এসেছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি, আমরা ভাবনাচিন্তার পর্যায়েই আছি। তবে এ বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’।
সাবেক টাইগার অধিনায়ক আরও জানান, ‘টুর্নামেন্টটি কোন ফরম্যাটে হবে তা এখনো ঠিক করা হয়নি’। তবে আমাদের চিন্তা আছে অন্তত আট দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। সবকিছু নির্ভর করছে আসলে স্পন্সরদের ওপর। আশা করি আমরা ভাল সাড়াই পাব।”
আকরাম খান নিশ্চিত করতে না পারলেও ধারণা করা হচ্ছে হালের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি২০-তেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের এমসিএল। অন্তত দশ বছর ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটাররাই শুধু খেলতে পারবে এ টুর্নামেন্টে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.