Header Ads

আশরাফুল আরও দু’বছর নিষিদ্ধ থাকছেন

আগেই জানা ছিল, আগামী ১৩ আগস্ট শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। তবে, আরও দু’বছরের জন্য জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন – বিপিএল কিংবা আইপিএলে তিনি বিবেচিত হবেন না।
কিন্তু কেন? ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বিসিবির বিশেষ ট্রাইবুন্যাল প্রথমে আশরাফুলকে আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে, পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটির রায়ে সেই নিষেধাজ্ঞা নেমে আসে পাঁচ বছরে।
বলা হয়েছিল, আশরাফুলকে আইসিসির দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি সে সময় সেই সময় ওই ডিসিপ্লিনারি কমিটির দেয়া রায়ের বিপরীতে সুইজারল্যান্ডের বিশ্ব ক্রীড়া আদালতে আপিল করে।
তবে, ‘পর্দার আড়ালের সমঝোতা’র ভিত্তিতে পরবর্তীতে সেই মামলা তুলে নেয়া হয়। আর সেই সমঝোতা ছিল যে, ২০১৬ সালের ১৩ আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে গেলেও আরও দু’বছরের জন্য তিনি জাতীয় দল ও বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন।
তবে, এই সময়ে আশরাফুল বিসিবি আয়োজিত অন্য যেকোন ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। এমনকি দেশের বাইরেও প্রথম শ্রেণি ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাদে অন্য যেকোন ক্রিকেট খেলতে কোনো বাঁধা নেই আশরাফুলের।
আইসিসির এক মুখপাত্র ওই ‘সমঝোতা’র ব্যাপারে মুখ না খুললেও ইংরেজি দৈনিক নিউএজকে আরও দু’বছরের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘আগামী ১৩ আগস্ট থেকে বিসিবি আয়োজিত সব রকম প্রথম শ্রেণির ক্রিকেট ও আইসিসির সদস্যভূক্ত অন্যান্য দেশে প্রথম শ্রেণি ব্যাতিত অন্য যেকোন রকম ক্রিকেট খেলতে আশরাফুলের আর কোনো বাঁধা নেই।’
আশরাফুলের ব্রিটিশ আইনজীবী ইয়াসিন প্যাটেলও জাতীয় দল কিংবা বিপিএলে না খেলতে পারার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আশরাফুল ১৩ আগস্ট, ২০১৬ থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএলে এখনই ফেরা হচ্ছে না তার।’
এমন অবস্থায় বিসিবিকে পাশে পাচ্ছেন আশরাফুল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসিকে সঙ্গে নিয়ে আদালতে বাকি দুই বছরের ব্যাপারটি নিষ্পত্তি করতে আবেদন করা হবে। কারণ, আইসিসির দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় দু’বছর অংশ নেয়ার যে নির্দেশনা দেয়া ছিল সেটা আশরাফুল ঠিকঠাক শেষ করেছেন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ব্যাপারটি নিশ্চিত করেছেন। এই অবস্থায় বিসিবির শুধু আপিল প্যানেলের কাছে আবেদন করাই বাকি।
এই মুহূর্তে ইংল্যান্ডের কেন্টে সানডে ক্রিকেট লিগ নামের একটি ‘অস্বীকৃত’ টুর্নামেন্টে খেলছেন আশরাফুল। কথা রয়েছে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি।
তবে, চলতি বছরের শুরু থেকেই ক্রিকেটে ফেরার ব্যাপারে দারুণ পরিশ্রমী আশরাফুল। গত ৬ জুন থেকে গোরান ক্রিকেট অ্যাকাডেমিতে আশিকুর রহমানের তত্ত্বাবধানে তিনি নতুন করে অনুশীলন করা শুরু করেছেন।  শুধু তাই নয়, বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের পরামর্শ ও নির্দেশ নিয়ে কাজ করছেন ব্যাটিংয়ে।
শুধু আশরাফুলই নন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্কটময় সময়ে অনেকের সঙ্গেই কাজ করেছেন নাজমুল আবেদীন। সেই অভিজ্ঞতা থেকে, খুব কাছ থেকে দেখা হয়েছে আশরাফুলকে। এ প্রসঙ্গে তাই বললেন, ‘ওকে দেখে মনে হচ্ছে ও অনেক হাংরি। কোনো সন্দেহ নেই নিজের মেধা দিয়ে শক্তভাবে ফেরার ব্যাপারে আশরাফুল বদ্ধ পরিকর।’
আশরাফুলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘সে তার ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছে। আমি নিশ্চিত যে, ফেরার পর আশরাফুল রানের বন্যা তুলবে।’
এবার তাহলে সেই রানবন্যার অপেক্ষা করা যাক!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.