Header Ads

বিশেষ কোপা আমেরিকায়ও চোট আক্রান্ত দি মারিয়া


বড় কোনো টুর্নামেন্ট মানেই কি অ্যাঞ্জেল দি মারিয়ার চোট? ২০১৪ বিশ্বকাপ ফাইনালে চোটের কারণে তিনি খেলতে পারেননি। গত বছর কোপা আমেরিকার ফাইনালেও ব্যথা পেয়ে আধা ঘণ্টা পর বেরিয়ে এসেছিলেন মাঠ থেকে। শতবার্ষিকী উপলক্ষে বিশেষ কোপা আমেরিকায়ও চোট আক্রান্ত দি মারিয়া। এবার অবশ্য দলের তারকা ফরোয়ার্ডকে নিয়ে আর্জেন্টিনা আশাবাদী।
গতকাল লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে দি মারিয়ার চোট জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান করে দিয়েছে ‘আলবিসেলেস্তে’দের। বিরতির কিছুক্ষণ আগে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে গেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই ফরোয়ার্ড।
দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সুখবর, চোটটা তেমন গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষায় তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। আর্জেন্টিনা দলের একজন মেডিকেল কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘পানামার বিপক্ষে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করছিলেন দি মারিয়া। পরীক্ষা করে দেখা গেছে, এটা সামান্য চোট। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন তিনি।’
আগামী বুধবার ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। এ ম্যাচে হয়তো বিশ্রাম পেতে পারেন দি মারিয়া। তবে টুর্নামেন্টের পরবর্তী পর্বে তাঁর মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.