খেলতে না পেরে সুয়ারেজের রাগ

ফিলাডেলফিয়ায় ম্যাচটার ততক্ষণে ৭০ মিনিট পেরিয়ে গেছে। উরুগুয়ে ০-১ গোলে পিছিয়ে। ডাগআউটে চিন্তিত উরুগুইয়ান কোচিং স্টাফ আর বদলি খেলোয়াড়েরা। এরই মধ্যে হঠাৎ লুইস সুয়ারেজকে দেখা গেল ওয়ার্মআপ শুরু করেছেন। তবে কি বদলি নামবেন তিনি?
একজন বদলি নামলেন, খানিক পরে আরেকজন। ৮০ মিনিটে উরুগুয়ের তৃতীয় বদলি হিসেবে যখন আলভারো গঞ্জালেজকে উঠিয়ে করোজোকে নামানো হলো, সুয়ারেজ বুঝলেন তাঁর আর সুযোগ নেই! মুখ বুজে তা সহ্য করার মানুষ তো সুয়ারেজ নন। রাগে-ক্ষোভে বার্সেলোনা স্ট্রাইকার দলের সহকারী কোচকে রীতিমতো গালাগাল শুরু করলেন, ঘুষি মারলেন ডাগআউটের দেয়ালে।
কিন্তু তখন আর এসব করে লাভ কী! ম্যাচ শেষ হলো এবং ৩৬ মিনিটে সলোমন রনডনের দেওয়া একমাত্র গোলেই জিতে গেল ভেনেজুয়েলা। এই হারেই এবারের কোপা থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল উরুগুয়ের। প্যাস্যাডেনায় পরের ম্যাচে মেক্সিকো জ্যামাইকাকে ২-০ গোলে হারিয়ে দেওয়ায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা! ‘সি’ গ্রুপ থেকে ভেনেজুয়েলাকে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেক্সিকো।
সুয়ারেজকে খেলাবেন না—এই সিদ্ধান্ত আগেই নাকি নিয়ে রেখেছিলেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সুয়ারেজ প্রথম ম্যাচে খেলতে পারেননি। শিকাগোতে ওই ম্যাচ মেক্সিকোর কাছে ৩-১ গোলে হারে উরুগুয়ে। তাবারেজের দাবি, কালও পুরো ফিট ছিলেন না সুয়ারেজ। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘ও পুরো ফিট ছিল না। আর যে খেলোয়াড় শতভাগ ফিট নয়, আমি তাকে কখনোই খেলানোর ঝুঁকি নেব না। ও কি রেগে গিয়েছিল? আমি ঠিক জানি না। আমাকে তো কিছুই বলেনি এ বিষয়ে।’
ইউরোপের ক্লাব ফুটবলে এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা দেশের হয়ে কোনো ম্যাচ না খেলেই বিদায় নিলেন কোপা আমেরিকা থেকে। ক্ষোভটা ম্যাচ চলাকালে বুঝিয়ে দিলেও ম্যাচ শেষে এ নিয়ে আর কিছু বলেননি সুয়ারেজ। এএফপি।
অথচ ম্যাচে শুরুটা ভালোই করেছিল উরুগুয়ে। পরপর দুটি গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। কিন্তু একেবারে হুট করেই গোল পেয়ে যায় ভেনেজুয়েলা। আলহান্দ্রো গুয়েরা ডান পাশ দিয়ে রক্ষণ ভেঙে চকিতে ঢুকে পড়েন। অপ্রস্তুত গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা অনেক সামনে এগিয়ে থাকলেও নিজেকে দ্রুত সামলে নিয়ে সেভও করেন। কিন্তু বল বারে লেগে ফিরে আসে। ফিরতি বলই জালে পাঠিয়ে দেন রনডন। গোলটা আর শোধ করতে পারেনি উরুগুয়ে। ১৯৯৭ সালের পর এই প্রথম কোপার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ২০১১ সালের চ্যাম্পিয়নরা।
আগামী মঙ্গলবার উরুগুয়ে খেলবে ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া জ্যামাইকার বিপক্ষে।
কোপায় আজকের খেলা: চিলি-বলিভিয়া, আর্জেন্টিনা-পানামা
Post a Comment