‘ক্রিকইনফো’য় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজকে
মুস্তাফিজুর রহমান। নামটা যেন রহস্যে পরিণত হয়েছে ব্যাটসম্যানদের জন্য। মাত্র ২০ বছর বয়সেই একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। প্রথমবারের মতো ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেছেন। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ভর করে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশেও মুস্তাফিজকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। এ মুহূর্তে ক্রিকেটবিশ্বে মুস্তাফিজের নামটাই যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তার আরো একটি প্রমাণ সম্প্রতি পাওয়া গেল। গত তিন দিনে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট‘ক্রিকইনফো’য় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মুস্তাফিজকে।
আইপিএলে ১০টি ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন ১৩টি উইকেট। মাত্র দুটি ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি তরুণ এই বাঁহাতি পেসার। দুটি ম্যাচই ছিল মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। গতকাল পুনের বিপক্ষে কোনো উইকেট না পেলেও কৃপণ বোলিং করে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন মুস্তাফিজ। চার ওভার বল করে দিয়েছিলেন মাত্র ২৬ রান। মুস্তাফিজকে কীভাবে ভালোমতো মোকাবিলা করা যায়, সে রহস্যভেদের আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছেন ব্যাটসম্যানরা। পুরো বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমীও ক্রিকইনফোতে মুস্তাফিজের ব্যক্তিগত পেজটিতে ঢুঁ মারছেন তাঁর অসাধারণ পরিসংখ্যানগুলো দেখতে। গত তিন দিনে মুস্তাফিজকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলে জানানো হয়েছে ক্রিকইনফোর তরফ থেকে।
ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেড তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক, ক্রিস জর্ডান, ভারতের যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য গুজরাট লায়নসের শিভিল কৌশিকও নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। সম্প্রতি পাকিস্তানের কোচের দায়িত্ব গ্রহণ করা মিকি আর্থারও জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর মোস্ট ওয়ান্টেডের তালিকায়।
Post a Comment