Header Ads

মুস্তাফিজ জাদুতে শীর্ষে হায়দরাবাদ

মুস্তাফিজ জাদুতে শীর্ষে হায়দরাবাদ
কাটার মাস্টারের জাদু আর নেহরা-ভুবনেশ্বরদের পেস তোপে মুম্বাই ইন্ডিয়ান্সকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ।
মুম্বাইকে ৮৫ রানে হারিয়ে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সানরাইজারর্স। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কাটার মাস্টারদের পেস তোপে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। প্রথম ওভারের শেষ বলে উইকেট নেন ভুবনেশ্বর কুমার। পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন আশিস নেহরা। ৫ রানে ২ উইকেটে হারানোর পর ২৮ রানে তৃতীয় উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে মুম্বাই। মাত্র ২ রানের ব্যবধানে কুনাল পান্ডেয়া ও জস বাটলারকে ফিরিয়ে অস্বস্তি বাড়ান নেহরা।
অবিশ্বাস্যভাবে মুস্তাফিজকে বোলিং আক্রমণে আনতে দেরি করেন ওয়ার্নার। কিন্তু হাতে বল পেয়েই মুম্বাইয়ের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠেন কাটার মাস্টার। পর পর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন হার্দিক পান্ডেয়া ও টিম সাউদিকে। শেষ পর্যন্ত তিন ওভারে মাত্র ১৬ দিয়ে তিন উইকেট নেন মুস্তাফিজ।
মুম্বাইয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ২১ রান করেন হরভজন সিং। আর ১৭ রান আসে কুনাল পান্ডেয়ার ব্যাট থেকে।
মুস্তাফিজ ছাড়াও হায়দরাবাদের হয়ে নেহরা তিনটি, বানিন্দার শরণ দুটি এবং ভুবনেশ্বর-হেনরিক্স একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন সানরাইজার্সের দুই ওপেনার। ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই ১ উইকেট হারিয়ে ৯০ রান তুলে হায়দরাবাদ। ব্যাটে ঝড় তোলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ৩৩ বলে সাত চার ও এক ছক্কায় ৪৮ রান করে আউট হন ওয়ার্নার। অধিনায়ক ফেরার পর দ্রুত সাজঘরমুখী হয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও (২)।

অল্প ব্যবধানে দুই ব্যাটসম্যান আউট হলেও ইনিংস গড়ার কাজ করছেন শিখর ধাওয়ান। ৫৭ বলে ১০ চার ও এক ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। তার সঙ্গী ইনজুরি থেকে দলে ফেরা যুবরাজ সিং মাত্র ২৩ বলে করেন ৩৯ রান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.