মুস্তাফিজুর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত ডেভিড ওয়ার্নার।
আইপিএলের কোনো ম্যাচে দ্বিতীয়বারের মতো উইকেটের দেখা পাননি। তবু মুস্তাফিজুর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত ডেভিড ওয়ার্নার।বিশেষ করে ডেথ ওভার বা শেষ ওভারগুলোতে বাংলাদেশের কাটার-মাস্টারের বোলিং দেখে অভিভূত সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। মঙ্গলবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে চার রানের নাটকীয় জয়ের পর ওয়ার্নারের মুস্তাফিজ-বন্দনায় যেন মিশেছিল কৃতজ্ঞতা।
বিশাখাপত্তনমে টস জিতে ব্যাট করতে নেমে ১৩৭ রানের মামুলি সংগ্রহ গড়তে পেরেছিল হায়দরাবাদ। কিন্তু এই রানকেই পুনের ব্যাটসম্যানদের সামনে অনতিক্রম্য করে তুলেছিলেন হায়দরাবাদের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজ।
প্রিয় ‘ফিজ’-এর হাতে একটু দেরিতেই বল তুলে দিয়েছিলেন ওয়ার্নার। তবে দশম ওভারে বল করতে এলেও ব্যাটসম্যানদের কাছে যথারীতি দুর্বোধ্য হয়েই ছিলেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৫ রান। ইনিংসের ১৩তম ও নিজের দ্বিতীয় ওভারে অবশ্য একটু খরুচে ছিলেন। সেই ওভারে একটি বাউন্ডারিসহ দিয়েছেন ৮ রান।
তবে মুস্তাফিজের আসল ‘জাদু’ দেখা গেছে ডেথ ওভারে। ১৭তম ওভারে মাত্র ৫ রান দিয়ে পুনের সামনে জয়ের লক্ষ্য কঠিন করে তোলার কৃতিত্ব তাঁরই। অবশ্য ১৮তম ওভারে ১৫ রান দিয়ে হারদরাবাদ সমর্থকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু পরের ওভারে ৮ রান দিয়ে আবার দলকে লড়াইয়ে ফিরিয়েছেন মুস্তাফিজ। এমনকি মহেন্দ্র সিং ধোনির মতো বিপজ্জনক ব্যাটসম্যানও তাঁর শেষ দুই ওভারে কোনো বাউন্ডারির দেখা পাননি। তাই পুনেও চার রানের ব্যবধান ঘোচাতে পারেনি।
চার ওভারে মাত্র ২৬ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে তাই উচ্ছ্বসিত ওয়ার্নার। হায়দরাবাদের অস্ট্রেলীয় অধিনায়ক জয়ের জন্য বোলারদের, বিশেষ করে প্রিয় ‘ফিজ’কে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন, ‘ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমার মনে হয় আমরা ২৫/৩০ রান কম করেছি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স আমাদের জয় এনে দিয়েছে। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজ ছিল অনবদ্য। সে সবসময়ই ডেথ ওভারে দারুণ সাহায্য করে যাচ্ছে আমাদের। তার কারণেই রান আটকানোর কাজ অনেক সহজ হয়ে পড়েছে আমাদের জন্য। ডেথ ওভারে সে দারুণ কার্যকর বোলার। আর তাই সেই সময় তাকে ছাড়া অন্য কাউকে ব্যবহারের কথা আমি ভাবতেই পারি না।’
মুস্তাফিজের সৌজন্যে তাঁর দলও এখন সাফল্যের রঙে রঙিন। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবারের আইপিএলের ‘ডার্ক হর্স’ সানরাইজার্স হায়দরাবাদ।
Post a Comment