আপনার ভোটে সেরা হতে পারেন মুস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র এক বছর পূর্ণ হয়েছে মুস্তাফিজুর রহমানের। কিন্তু বাংলাদেশের এই বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিং দেখলে সেটা অবিশ্বাস্যই মনে হয়। বাংলাদেশের জার্সি গায়ে সোরগোল ফেলে দেওয়ার পর ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলেও বাজিমাত করছেন মুস্তাফিজ। কীভাবে তাঁর বিভ্রান্তিকর ডেলিভারিগুলো সামলানো যায়, তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে ব্যাটসম্যানদের মধ্যে।
টুর্নামেন্টের সেরা বোলারের স্বীকৃতিটাও হয়তো শেষপর্যন্ত পেয়ে যেতে পারেন ‘ফিজ’। তবে সেটা নিশ্চিত না হলেও মুস্তাফিজ যে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা জিতে নিচ্ছেন, এটা নিশ্চিত হয়ে গেছে অনেকটাই। আর মুস্তাফিজকে এই পুরস্কারটি জেতানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন আপনিও। আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.iplt20.com/polls) গিয়ে বেছে নিতে পারেন সেরা উদীয়মান খেলোয়াড়কে।
সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় মুস্তাফিজ ছাড়াও আছেন জাসপ্রিত বুমরা, বাঁহাতি চায়নাম্যান শিভিল কৌশিক, মুরুগান অশ্বিন ও অস্ট্রেলিয়ার কেইন রিচার্ডসন। অন্য চারজনের চেয়ে মুস্তাফিজের বয়সই সবচেয়ে কম। কিন্তু পুরস্কারটা সবাই দেখতে চান মুস্তাফিজের হাতে। দর্শকদের জরিপে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এখন পর্যন্ত তিনি পেয়েছেন মোট ভোটের ৯৫.৭ শতাংশ। মাত্র ১.৮ শতাংশ ভোট পেয়েছেন কৌশিক ও বুমরা।
আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়েও পাল্লা দিয়ে লড়ছেন মুস্তাফিজ। ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে। ১৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেগান। ১৫ ও ১৬ উইকেট নিয়ে মুস্তাফিজের আগে আছেন আন্দ্রে রাসেল ও ভুবনেশ্বর কুমার। ১৩ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে মুস্তাফিজের পরেই আছেন বুমরা।
Post a Comment