Header Ads

আইপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ



রাস্তাটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। আইপিএলে প্রথমবারের মতো নিষ্ক্রিয় করে রেখেছিলেন মুস্তাফিজুর রহমানকে। গত মাসের শেষে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে দুই ওভার বল করে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মুস্তাফিজকে একাই চারটি চার মেরেছিলেন স্মিথ। কীভাবে তিনি মুস্তাফিজকে সফলভাবে মোকাবিলা করেছিলেন, সেই ভিডিওগুলো এখন মহামূল্যবান হয়ে উঠেছে ব্যাটসম্যানদের কাছে। সেগুলো বারবার দেখেই মুস্তাফিজকে খেলার পরিকল্পনা তৈরি করেছিল দিল্লি ডেয়ারডেভিলস। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারানোর পর এমনটাই জানিয়েছেন দিল্লির অলরাউন্ডার ক্রিস মরিস।
আইপিএলের শুরু থেকে দারুণ বোলিং করে ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছেন মুস্তাফিজ। রীতিমতো রহস্যে পরিণত হয়েছিলেন ব্যাটসম্যানদের জন্য। তাঁর স্লোয়ার, কাটারগুলোতে বিভ্রান্ত হয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন বিরাট কোহলি, শেন ওয়াটসন, মিচেল মার্শ, এবি ডি ভিলিয়ার্সদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা। দুর্দান্ত এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে যেভাবে ভূপাতিত করেছিলেন, তা এখনো চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু আইপিএলের সর্বশেষ দুটি ম্যাচে সফলতা পাননি মুস্তাফিজ। পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে উইকেট না পেলেও কৃপণ বোলিং করে বড় ভূমিকা রেখেছিলেন দলের জয়ে। কিন্তু গতকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে নিষ্প্রভ হয়েই থেকেছেন ‘ফিজ’। তাঁকে বেশ অনায়াসেই খেলেছেন কুইন্টন ডি কক, সঞ্জু স্যামসন, ঋষভ পান্টের মতো তরুণ ব্যাটসম্যানরা। তবে মুস্তাফিজকে সফলভাবে খেলার জন্য যে রীতিমতো গবেষণা করে মাঠে নামতে হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন দিল্লির অলরাউন্ডার মরিস। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘স্মিথ তাঁকে কীভাবে খেলেছিলেন, সেটা বিশ্লেষণের জন্য আমরা অনেক সময় দিয়েছি। গত ম্যাচে অশ্বিনও তাঁকে ভালোমতোই খেলেছিলেন। অনেকেই জানে না, কিন্তু পর্দার পেছনে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। অনেক বিশ্লেষণের পর আমরা একটা পরিকল্পনা তৈরি করেছিলাম। আর সৌভাগ্যবশত, সেটা কাজে লেগে গেছে।’
দিল্লির বিপক্ষে চার ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। হজম করেছেন তিনটি চার ও দুটি ছয়। এই ম্যাচে জ্বলে উঠতে না পারলেও মুস্তাফিজ যে সত্যিই অবিশ্বাস্য, তা স্মরণ করিয়ে দিতে অবশ্য ভোলেননি মরিস, ‘মাত্র ২০ বছর বয়সে তিনি যা করছেন, সেটা অবিশ্বাস্য। তাঁর বোলিং খুবই ভীতিকর। প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে তিনি খুবই ভালো করছেন।’
আইপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর নাম আছে পঞ্চম স্থানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.